প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে যথাযথ অনুবাদের মাধ্যমে বাংলা শিল্প-সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা সংগ্রাম করে মাতৃভাষার মর্যাদা অর্জন করেছি, তাই আমাদের শিক্ষার মাধ্যমও মাতৃভাষা হতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি এবং অফিসপ্রধান সুজান ভাইজও বক্তব্য রাখেন। আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ ধন্যবাদ জ্ঞাপন করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য।
গতকাল সেখানে শুরুতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘মুজিব শতবর্ষ জাদুঘর এবং আর্কাইভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং মাতৃভাষা পিডিয়া এবং মার্টি লিঙ্গুয়াল পকেট ডিকশনারির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। তিনি অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত লিংগুয়েসটিক অলিম্পিয়াড বিজয়ীদের মধ্যে ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি এবং অফিসপ্রধান সুজান ভাইজ প্রধানমন্ত্রীর কাছে ইউনেসকো ক্যাটাগরি-২ চুক্তি নবায়ন নথিও উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের শিশুরা নিজস্ব মাতৃভাষায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘অন্য আরও ভাষা শিখলেও শিক্ষার মাধ্যম মাতৃভাষা হতে হবে। যেহেতু আমরা সংগ্রাম করে মাতৃভাষার মর্যাদা অর্জন করেছি। এজন্য ছোটবেলা থেকেই একাধিক ভাষা শিক্ষার ওপর জোর দেন প্রধানমন্ত্রী এবং বাংলা বলার আগে ইংরেজি বলার যে একটা ঝোঁক ছিল তারও কঠোর সমালোচনা করেন।’ তিনি বলেন, ‘ইংরেজি বাচনভঙ্গি বাংলা বললে ভাষার মাধুর্য হারিয়ে যায়।’
শেখ হাসিনা বলেন, ‘মাতৃভাষার পাশাপাশি আরও দু-একটি ভাষা যেন ছোটবেলা থেকে শিখতে পারে, সেজন্য প্রাথমিক বিদ্যালয় থেকেই উদ্যোগ নিতে হবে। তাহলে প্রয়োগের ক্ষেত্র যেমন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তেমনি তারা আত্মবিশ্বাসী হয় উঠবে এবং সে শিক্ষা হবে প্রকৃত জ্ঞানার্জনের জন্য শিক্ষা। সেভাবেই আমাদের শিক্ষা পরিকল্পনাগুলো নেওয়া উচিত বলেই আমি মনে করি।’
প্রধানমন্ত্রী বক্তৃতার শুরুতে ভাষা আন্দোলন সংগঠনের অন্যতম রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন একটি বিজাতীয় ভাষা আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন এ দেশের মানুষ তা মেনে নেয়নি। সেই ১৯৪৮ সালে প্রকৃতপক্ষে আমাদের ভাষা আন্দোলনের সূত্রপাত হয়, যা ৫২-এর একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে রক্তের অক্ষরে আমাদের শহীদরা বলে গিয়েছিলেন মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।’
শেখ হাসিনা মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভ’র ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রসঙ্গ টেনে বলেন, ‘এখানেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে অফিস করে সব কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। আর তার নেতৃত্বে আমরা বাংলা ভাষার মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। তার জীবনের কার্যক্রম সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেজন্য তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং শক্তিশালী করার পাশাপাশি সঠিক অনুবাদের মাধ্যমে শিল্প-সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বাঙালি জাতি যে নিজের ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, তা তুলে ধরা আমাদের সবার কর্তব্য।’
সরকারপ্রধান বাংলা একাডেমি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে একে অন্যের পরিপূরক-সম্পূরক হিসেবে কাজ কারার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং বাংলা একাডেমি এই দুটোকে একসঙ্গে কাজ করতে হবে। একে অন্যের পরিপূরক হয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, তখন এটাই আমাদের মাথায় ছিল। এই দুটি প্রতিষ্ঠান যদি একসঙ্গে কাজ করে, তাহলে আমরা আরও অধিক পরিমাণে শিল্প, সাহিত্য, কলাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারব এবং সেটাই তার সরকারের প্রত্যাশা।’
প্রধানমন্ত্রী প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভাষাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে ডিজিটাল ডিভাইসের সাহায্যে অনুবাদ করলেও তা যথাযথ সংশোধনের মাধ্যমে যথোপযোগী করে ব্যবহারের আহ্বানও জানান।
শেখ হাসিনা বলেন, ‘শুধু ভাষণের মধ্যেই নয়, বাঙালিকেও মানুষ জানুক, বিশ্ব আরও জানুক। আমরা যে বিজয়ী জাতি, আমাদের একটি ভাষা আছে, সংস্কৃতি আছে, সেটাও সারা বিশ্ব জানুক সেটাই আমরা চাই।’