‘আবাসন শিল্প ও আগামীর বাংলাদেশ’ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ (অপু) সহ আবাসন ব্যবসায়ীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করে ‘জয় ধারা’।
অনুষ্ঠানে বক্তারা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে আবাসন সংকটের তীব্রতা তুলে ধরেন। তারা আবাসন বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ, যেমন জমির দাম বৃদ্ধি, নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য, এবং আর্থিক সুযোগের অভাব নিয়েও আলোচনা করেন।
বক্তারা আবাসন সংকট সমাধানে সরকারি ও বেসরকারী খাতের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় কয়েকটি সুপারিশ তুলে ধরেন তারা।
সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা, একটি সুস্পষ্ট ও সমন্বিত আবাসন নীতিমালা প্রণয়ন করা।
অনুষ্ঠানের শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারী খাতে একযোগে কাজ করার মাধ্যমে বাংলাদেশের আবাসন সংকট সমাধান করা সম্ভব।