বসুন্ধরায় রূপায়ণ বুলেভার্ড প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নতুন বাণিজ্যিক প্রকল্প ‘রূপায়ণ বুলেভার্ড প্লাজা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে ডিডব্লিউএম৪ ইনট্রেন্ডস লিমিটেডের চিফ আর্কিটেক্ট স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ প্রকল্পটির নকশাভাবনা তুলে ধরেন। তিনি বলেন, রূপায়ণ বুলেভার্ড প্লাজার নকশায় ভবনটির নান্দনিকতার পাশাপাশি এখানে যাঁরা কাজ করবেন এবং যাঁরা সেবা নিতে আসবেন, তাদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভূমির মালিকদের পক্ষে এক প্রতিনিধি রূপায়ণ গ্রুপের আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোর স্থাপত্যশৈলী, নির্মাণমান ও স্থায়িত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, রূপায়ণ বুলেভার্ড প্লাজা রূপায়ণ গ্রুপের অন্যতম উল্লেখযোগ্য বাণিজ্যিক স্থাপনা হয়ে উঠবে এবং রাজধানীর পরিকল্পিত নগরায়ণে ভূমিকা রাখবে।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলি খান অতুল বলেন, “রূপায়ণ বুলেভার্ড প্লাজা হবে ভবিষ্যতের ঢাকার অন্যতম বাণিজ্যিক ল্যান্ডমার্ক। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত ভূমির মালিক এবং উপস্থিত অতিথিদের প্রতি রূপায়ণের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আধুনিক নির্মাণ পরিকল্পনার মাধ্যমে একটি নান্দনিক ও মানসম্মত বাণিজ্যিক স্থাপনা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন, কনস্ট্রাকশন বিভাগের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, ল্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান রাজন এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক। এ ছাড়া প্রকল্পের ভূমির মালিকেরা, আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত