নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার প্রয়োগের মাধ্যমে দেশের আবাসন খাতে পরিবর্তন আনতে কাজ করছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেছেন, যেকোনো উদ্ভাবনের শুরু হয় চিন্তা থেকে। সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারলেই নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। বাংলাদেশের আবাসন খাতে রূপায়ণ বেশ কিছু নতুন ধারণা বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও এ ধারায় উদ্ভাবন ও পরিবেশবান্ধব নির্মাণে কাজ করবে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে ‘ফার্স্ট রিয়েল এস্টেট ইনোভেশন সামিট ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
‘উদ্ভাবন, প্রযুক্তি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রিয়েল এস্টেটের ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে প্রপার্টি খবর আয়োজিত এ সম্মেলন আনোয়ার ইস্পাতের পরিবেশনায় এবং আনোয়ার সিমেন্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে স্যাটেলাইট সিটির ধারণা বাস্তবায়নে রূপায়ণের উদ্যোগ তুলে ধরে মাহির আলী খাঁন রাতুল বলেন, গোমতী টাউনশিপের মাধ্যমে দেশে প্রথম স্যাটেলাইট সিটির ধারণা বাস্তবায়ন করেছে রূপায়ণ। পরে উত্তরায় গড়ে তোলা হয়েছে রূপায়ণ উত্তরা প্রিমিয়াম গেটেড কমিউনিটি। এসব প্রকল্পে শিক্ষা, দৈনন্দিন প্রয়োজনীয়তা ও ধর্মীয় উপাসনাসহ নাগরিক জীবনের প্রয়োজনীয় সুবিধা একই এলাকায় নিশ্চিত করা হয়েছে। তাঁর মতে, স্যাটেলাইট সিটি এখন আর শুধু ধারণা নয়, বাস্তব উদাহরণও তৈরি হয়েছে।
জমির স্বল্পতার কারণে বাংলাদেশে অনুভূমিকভাবে বাড়ি বা ভিলা সম্প্রসারণের সুযোগ সীমিত উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় রূপায়ণ ‘ভার্টিক্যাল ভিলা’ বা ‘স্কাই ভিলা’র ধারণা নিয়ে এসেছে। দেশের আবাসন খাতে নতুন এ ধারণায় ১০ তলা পর্যন্ত ভিলা উল্লম্বভাবে নির্মাণ করা হয়েছে। এতে সীমিত জমিতে আবাসনের পাশাপাশি বাড়তি সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
আবাসন খাতে আরও নতুন ধারণা ও প্রযুক্তি যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে মাহির আলী খাঁন রাতুল বলেন, এ শিল্পে দক্ষ পেশাজীবী, প্রকৌশলী ও উদ্ভাবকদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে। রূপায়ণের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে আবাসন খাতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, প্রপার্টি খবরের প্রতিষ্ঠাতা ও প্রপটেকবাজের কান্ট্রি ম্যানেজার আরিফ হাসান, টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং রিহ্যাবের পরিচালক তাসনোভা মাহবুব সালাম, আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফোরকান এন. হোসেন ও চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদসহ রিয়েল এস্টেট, নির্মাণ, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি, স্থাপত্য ও নগর উন্নয়ন খাতের দুই শতাধিক উদ্যোক্তা, শীর্ষ নির্বাহী, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও পেশাজীবী।
আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে ছিল রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ সিটি উত্তরা, দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড ও টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড। কো-পার্টনার হিসেবে ছিল কনকর্ড, রিহ্যাব, ফ্লিক বাংলাদেশ, এআই পলিমার, ডিউলা রুফ ও ভাইয়া হোটেলস। অ্যাসোসিয়েট পার্টনার ছিল ভিন্টেজ এআই ও প্রপার্টি ইনডেক্স লিমিটেড এবং ফাইন্যান্সিয়াল পার্টনার এসবিএসি ব্যাংক। মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য গ্র্যাজুয়েটস ও এশিয়া পোস্ট; ক্রিয়েটিভ পার্টনার ট্রিভিয়া; কমিউনিটি পার্টনার প্রপটেকবাজ; একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্ট্র্যাটেজিক পার্টনার জেনিথ।