যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইউক্রেনে তীব্র রুশ হামলা, নিহত ৬

২০২২ সালের আজকের দিনেই (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। আজ বৃহস্পতিবার দ্বিতীয় বছর পার করে তৃতীয় বছরে পদার্পন করল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

আর দ্বিতীয় বর্ষপূর্তির আগের রাতেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে জোরদার হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ওদেসা, দিনিপ্রোসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ওদেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে বন্দরনগর ওদেসায় রাশিয়া ড্রোন হামলা চালালে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ-পূর্বের শহর দিনিপ্রোতে আবাসিক ভবনে রাশিয়ার আরেকটি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। দিনিপ্রোর গভর্নর সেরহি লাইসাক টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় ভবনের উপরের দুটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওলেক্সি কুলেবা বলেছেন, দোনেৎস্ক এলাকায় হামলায় বেসামরিক এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ২১টি বাড়ি, একটি স্কুল ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা পাঁচটি অঞ্চলে রাশিয়ার উৎক্ষেপিত ৩১টি ড্রোনের মধ্যে ২৩টি ড্রোন ভূপাতিত করেছে।

কুলেবা বলেন, ইউক্রেনীয়রা আরেকটি কঠিন রাত পার করেছে। শত্রুরা বিভিন্ন বসতিতে ৩৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করার কাছাকাছি সময়ে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ওদেসা সহ ইউক্রেনের বন্দর এবং শস্য অবকাঠামোতে বোমা হামলা জোরদার করেছে।