প্রথম কোয়ালিফায়ারে মোস্তাফিজকে পাওয়া নিয়ে শঙ্কা

দলীয় অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়ার পর থেকে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় সিটি স্ক্যান রিপোর্ট ইতিবাচক আসায় হাসপাতালের ছাড়পত্র পান তিনি। চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় টিম হোটেলে চলছে মোস্তাফিজের সেড়ে ওঠার অপেক্ষা। প্রথম কোয়ালিফায়ারে তার খেলার ব্যাপারে কুমিল্লা প্রথমে ইতিবাচক থাকলেও এখন সম্ভাবনা জেগেছে না খেলার।

প্রথম কোয়ালিফায়ারে মোস্তাফিজের খেলার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'মোস্তাফিজের এখনো সেলাই কাটার সময় হয়নি। তো ২৬ তারিখ খেলতে পারবে না। ফেরার সম্ভাবনা আছে তবে ২৬ তারিখের পরে।’

তিনি যোগ করেন, 'আঘাত লেগেছে ১৮ তারিখ, সে হিসেবে চিন্তা করলে ৭ দিন গেল। সেলাইটা ৭-১০ দিনের মধ্যে কাটা হয়। আমার গতকালই মনে হয়েছে যে কাটার সময় হয়নি। এগুলো যদিও সার্জনের ব্যাপার, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তারা যেটা বলে আমরা সেটা অনুসরণ করি। সার্জনেরও ধারণা ৭ থেকে ১০ দিন লাগবে সেলাই কাটতে। ১০ দিন যদি লেগে যায় তো ২৬ তারিখ তিনি খেলতে পারবেন না।’

আগামী সোমবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা পেসারের না থাকা অবধারিতভাবেই ভোগাবে ভিক্টোরিয়ানসকে।