নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টেন খেলে টি-টোয়েন্টি জিতল অস্ট্রেলিয়া

অকল্যান্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে ইনিংসের শুরুর দিকেই হানা দেয় গুড়ি গুড়ি বৃষ্টি। অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভার থেকে একাদশ ওভারের মধ্যে তিন দফা বৃষ্টিতে বন্ধ হয় খেলা। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি রূপ নেয় টি-টেনে।

আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তোলার পর বৃষ্টিতে শেষ হয় তাদের ইনিংস। নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। তবে ৩ উইকেট হারালেও কিউইরা যেতে পারে ৯৮ পর্যন্ত।

অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড করেন ৩০ বলে ৩৩ রান। ম্যাথু শর্ট ৩ ছক্কা ও ১ চারে ১১ বলে ২৭ রান করেন। ম্যাক্সওয়েল করেন ৯ বলে ২০। জস ইংলিশ অপরাজিত থাকেন ১৪ রানে।

ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য হয় আরও কঠিন। রান তাড়ায় ফিলিপস বাদে বিস্ফোরক ইনিংস খেলতে পারেননি কেউ। ৭ বলে ১৪ করে আউট হন উইল ইয়াং, আরেক ওপেনার ফিন অ্যালেন করেন ৯ বলে ১৩। এরপর গ্লেন ফিলিপস দ্রুত রান তুললেও তা যথেষ্ট হয়নি। ফিলিপস ২৪ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন।

১ উইকেট নেন শর্ট। তার আগে ব্যাটিংয়ে কার্যকরি ইনিংসে ম্যাচসেরা হন শর্ট। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড।

দুই দল এখন খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি ওয়েলিংটনে বৃহস্পতিবার থেকে, পরেরটি ক্রাইস্টচার্চে ৮ মার্চ থেকে।