রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ভারত ৩০৭ রানে অলআউট হওয়ায় বেন স্টোকসরা এগিয়ে থাকলেন ৪৬ রানে। ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর স্বাগতিকদের ইনিংস টানেন ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব। অষ্টম উইকেটে তারা ৭৬ রান যোগ করেন।
গতকাল ৭ উইকেটে ২১৯ রান নিয়ে দিন শেষ করেছিল ভারত। জুরেল ৩০ ও কুলদিপ ১৭ রানে দিন শেষ করেছিলেন। আজ তৃতীয় দিনে কুলদিপ যাদব ফেরেন ব্যক্তিগত ২৮ রানে। তাতে ৭৬ রানের জুটি ভাঙে।
টেস্ট মেজাজে খেলতে থাকা জুরেল এরপর হাত খুলে খেলা শুরু করেন। ৯৬ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া জুরেল এগুতে থাকেন সেঞ্চুরির পথে। সঙ্গে দলে রানটাও দ্রুত বাড়িয়ে নেন। ২৯ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন আকাশ দিপ।
ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে জুরেল যখন আউট হন তার নামের পাশে ৯০ রান। ১৪৯ বলের ইনিংসে আছে ৬টি চার ও ৪ ছক্কা।
আগের দিন চার উইকেট পাওয়া বশির আজ আকাশকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৫৩ রান।