হাথুরেসিংহের সঙ্গে সুর মেলালেন শুভাগত

এক সাক্ষাৎকারে দেশের টি-টোয়েন্টি কাঠামোর সমালোচনা করেছিলেন জাতীয় দলের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার এই বক্তব্যের সঙ্গে সুর মেলালেন বিপিএল এলিমিনেটর খেলতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

শুভাগত বলেন, ‘অবশ্যই আমি (হাথুরুসিংহের সাথে) শতভাগ একমত। বিপিএল যখন খেলি আমরা হয়ত সেরকমভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়ত প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টোয়েন্টিতে বিপিএলের মত কোথাও খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি দেশি প্লেয়ারদের জন্য সেটা ভালো। ওই টুর্নামেন্ট যারা ভালো খেলব তারাও এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।’

এ অধিনায়কের মনোযোগ এখন আগামীকালের ম্যাচে। আসরে টিকে থাকতে হলে বরিশালের বিপক্ষে জিততেই হবে তাদের। চেষ্টা করেও ফিল সল্টকে দলে ভেড়াতে পারেনি চট্টগ্রাম। 

তবে শুভাগত চান স্পোর্টিং উইকেট। বলেন, ‘টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেটও ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেইরকম উইকেট হয়তো আমরা পাইনি। চট্টগ্রাম ও সিলেটে যেমন উইকেট ছিল সবাই হাইস্কোরিং ম্যাচই দেখেছে। এরকম উইকেটই আশা করি। রান হবে, বোলার ব্যাটার সবাই সুবিধা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা আমরাও এটা আশা করি।’