বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যা বললেন সাইফুল হক

আগামী ১ মার্চ থেকে বিদ্যুতের আরেক দফা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে হঠকারী অ্যাখা দিয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে তিনি বলেছেন, ‘সরকারের এই সিদ্ধান্ত জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।’

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘গণশুনানি এড়িয়ে নির্বাহী আদেশে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অপতৎপরতা একদিকে অস্বচ্ছ আর অন্যদিকে দায়িত্বহীন পদক্ষেপ। দায়মুক্তির বিধান থাকায় সরকারের এইসব গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনগণের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভুলনীতি এবং এই খাতে চুরি, দুর্নীতি, লুণ্ঠন, অব্যবস্থাপনার দায় মানুষ নিতে পারে না। এ কারণে সাধারণ মানুষ শাস্তিও পেতে পারে না। কেবল এই খাতেই তিরিশ হাজার কোটি টাকা অব্যবস্থাপনাজনীত লুণ্ঠনমূলক ব্যয় করা হয়েছে। সরকারের আমদানিনির্ভর জ্বালানি নীতি সংকট বাড়িয়ে তুলছে। অথচ বিদ্যুৎ কেন্দ্রে ভাড়া কমানো, স্বল্পব্যয়ের বিদ্যুৎ কেন্দ্র বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে মনোযোগ, সিস্টেমলসসহ চুরি-দুর্নীতি কমিয়ে এনে মূল্য বৃদ্ধি না করে সাশ্রয়ী দামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।’

সাইফুল হক বলেন, ‘যুক্তিযুক্ত পদক্ষেপের পরিবর্তে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জ্বালানি খাতে সরকারের কোনো স্বেচ্ছাচারী পদক্ষেপই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।’ বিবৃতিতে তিনি সরকারের জনস্বার্থ পরিপন্থী সকল পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।