পটিয়ায় যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

চট্টগ্রামের পটিয়ায় হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্থানীয় আবদুল কাদের জিলানী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। হেলাল ইউনিয়ন যুবলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক।

আহত অবস্থায় হেলালকে পটিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকার আবুল বশরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় বালু ভরাটের কাজ নিয়ে স্থানীয় সাবেক মেম্বার আনছুর আলীর সঙ্গে হেলালের বাকবিতন্ডা হয়। এ সময় অতর্কিতভাবে আনছুর আলী ও তার সহযোগি মো. বাচার নেতৃত্বে যুবলীগ নেতার উপর হামলা করা হয় বলে জানান কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল হোসেন। হামলার এক পর্যায়ে ছুরি দিয়ে তার শরীরে আঘাত করা হয়।হামলাকারী বাচার বিরুদ্ধে গরু চুরিসহ ১২টির অধিক মামলা চলমান।

সাবেক মেম্বার আনচুর আলী বলেন, মনোয়ারা বেগম নামের এক নারী বাড়ি নিমার্ণের সময় হেলাল উদ্দিন চাঁদা দাবি করেন। চাঁদাদাবির অভিযোগে ভুক্তভোগী মনোয়ারা বেগম তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ফের চাঁদা নিতে আসলে স্থানীয় জনগন তাদের ধাওয়া করে মারধর করে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করার বিষয়টি জেনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।