রাশিয়ার রোষানলে  নোবেলজয়ী প্রতিষ্ঠান

রাশিয়ার অধিকারকর্মী ওলেগ ওরলেভকে গতকাল মঙ্গলবার আড়াই বছর কারাদন্ডাদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত। ইউক্রেনের বিরুদ্ধে চলতি যুদ্ধে ‘সশস্ত্র বাহিনীর নিন্দা’ করায় তাকে এই দন্ড দেন আদালত। ওরলেভ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিকে ফ্যাসিবাদী ভূমিকার দায়ী করেন। ওরলেভের প্রতিষ্ঠান ‘মেমোরিয়াল’ ২০২২ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার জয় করে।

ওলেগ ওরলেভ রাশিয়ার অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ‘মেমোরিয়াল’-এর প্রধান। তারা ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছিল। ওরলেভ একটি নিবন্ধ লিখেছিলেন যার শিরোনাম ছিল এমন-- ‘তারা ফ্যাসিবাদ চেয়েছিল, তারা এটি পেয়েছে।’

গতকাল আদালতের রায়ের পর ৭০ বছর বয়সী ওরলেভ বলেন, ‘এই রায় প্রমাণ করেছে, আমার নিবন্ধটি সঠিক ও সত্য ছিল।’ রায় ঘোষণার পর তাকে হাতকড়া পরিয়ে কারাগারে নেওয়া হয়। রাজধানী মস্কোর একটি আদালত কক্ষে যখন তাকে সাজা দেওয়া হয়, তখন তার সমর্থকরা তাকে অভিবাদন জানান। এ সময় পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের কূটনীতিক আদালতে উপস্থিত ছিলেন।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মেমোরিয়াল মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার আওয়াজ তুলছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্ত্যালিন থেকে শুরু করে বর্তমান শাসকের মানবাধিকার হরণের ঘটনাগুলো নথিভুক্ত করার কাজ করে এই প্রতিষ্ঠান। ‘বিদেশি এজেন্ট’ সাব্যস্ত করার মাধ্যমে রুশ কর্তৃপক্ষ ২০২১ সালে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

আদালতে কৌঁসুলি বলেন, ওরলেভ ‘রাশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ঘৃণা পোষণ করেছেন।’ গত সোমবার বিচারকাজের শুনানি সমাপ্ত করা হয়। এরপর গতকাল এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা করা হয়।

রায়ের পর বিবৃতিতে মেমেরিয়াল বলেছে, ‘ওলেগ ওরলেভের বিরুদ্ধে রায়দান রাশিয়ায় মানবাধিকারের স্বপক্ষে কণ্ঠস্বরকে রুদ্ধ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো সমালোচনার পথ বন্ধ করার প্রচেষ্টার অংশ। কিন্তু আমরা আমাদের কাজ অব্যাহত রাখব।’