সুপ্রিম কোর্ট বার নির্বাচন 

আইনজীবীদের ‘অনুভূতি’র সাড়া জাগানোর চেষ্টায় পরিচালনা কমিটি  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০২৪- ২০২৫ মেয়াদে) সুষ্ঠু করার লক্ষ্যে সরকার, প্রধান বিচারপতি, প্রতিদ্বন্দ্বী আইনজীবী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চাইলেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। বিগত দুই বছর সহিংসতাপূর্ণ নির্বাচন হলেও এবার এর পুনরাবৃত্তি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কেন্দ্রীক প্রস্তুতি তুলে ধরে নির্বাচন সাব-কমিটি।

আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দুই দিন ভোট অনুষ্ঠিত হবে। তবে গতবারের নির্বাচনে সরকার ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক সহিংসতা, মারামারি, সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের হামলার মতো ঘটনা ঘটে। ১৪ মার্চ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সাংবাদিক ও আইনজীবীদের মারধর করে পুলিশ।

এবারও এরকম পরিস্থিতি হবে কি না- এমন প্রশ্নে আবুল খায়ের বলেন, ‘অতীতে কি হয়েছে তা আমরা ভুলে যেতে চাই। আমরা সহিংসতা প্রত্যাশা করি না। একটি ভালো নির্বাচন আয়োজনে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বারে রাজনীতি থাকবে। কিন্তু সেই রাজনীতি যখন হাই প্রোফাইলে আসবে তখন কিন্তু বিশৃঙ্খলা আসবে। আমরা দুইপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের পরামর্শেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমরা আইনজীবীদের মধ্যে অনুভূতির সাড়া জাগানোর চেষ্টা করছি। একটি সুষ্ঠু ও বিশৃঙ্খলমুলক্ত নির্বাচনে আমরা বদ্ধপরিকর। আমরা নির্বাচন ও আইনজীবীদের রেখে চলে যাওয়ার জন্য আসিনি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ইকবাল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম গোলাম মোস্তফা তারা, অ্যাডভোকেট শেখ এ কে এম মনিরুজ্জামান কবির, অ্যাডভোকেট কামাল হোসেইন প্রমুখ।