সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১১ মার্চ। গতকাল বুধবার নির্বাচনের তফসিল নিয়ে এ বিষয়ে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট বার প্রশাসন।
সুপ্রিম কোর্ট বারে প্রতি বছর মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আয়োজনের রেওয়াজ রয়েছে। আর এ নির্বাচনের আয়োজন করে দায়িত্বে থাকা কার্যনির্বাহী কমিটি। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের বারে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে। ওই নির্বাচনে সভাপতি ও তিন কার্যনির্বাহী সদস্যসহ চারটিতে বিএনপি সমর্থকরা এবং সম্পাদকসহ ১০টিতে আওয়ামী সমর্থকরা জয়ী হন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বারের আওয়ামীপন্থি নেতারা আত্মগোপনে চলে যান। এতে কার্যনির্বাহী কমিটির কাজে স্থবিরতা দেখা দেয়। ওই বছরের সেপ্টেম্বরে সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকনকে রেখে নির্বাচনে পরাজিত প্রার্থীদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করে অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তবে ২০২৫ সালে সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ বিকেলে মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
