ব্যথা সারাতে ডিজিজ মোডিফাইং এক্সারসাইজ

একজন রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে অস্থিসন্ধিতে মাঝারি থেকে তীব্র ব্যথা হয়। এ ধরনের রোগের চিকিৎসা দুই ধরনের। ব্যথা সারানোর জন্য দেওয়া হয় ব্যথানাশক ওষুধ যেমন ন্যাপ্রোক্সেন। এই ব্যথানাশক কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো করতে পারে না, এই ওষুধটি রোগ থেকে উৎসারিত ব্যথা ভালো করতে পারে মাত্র। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হয় ডিজিজ মডিফাইং ড্রাগ, যেমন স্যালাজিন।

কোনগুলো রোগ সারানোর চিকিৎসা?

ব্যাকটেরিয়ার আক্রমণে অসুখ হলে শরীরে ব্যাকটেরিয়াগুলো ধ্বংসের জন্য আমরা যে অ্যান্টিবায়োটিকের কোর্স করে থাকি সেটাই সহজ বাংলায় রোগ সারানোর চিকিৎসা। কিন্তু শারীরিক ব্যথার কারণগুলো এত সুনির্দিষ্ট হয় না এবং বেশির ভাগ ক্ষেত্রেই এগুলো মোডিফাই করার জন্য কোনো ওষুধ পৃথিবীতে নেই। ব্যথার কারণ নির্মূলে তাই আমাদের নির্ভর করতে হয় সুনির্দিষ্ট ব্যায়ামের ওপরে। অনেকেই প্রশ্ন করে থাকেন ব্যায়াম তো ব্যায়ামই, এগুলোর আবার প্রকারভেদ কী! নির্দিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংস করতে যেমন সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিতে হয় ঠিক তেমনি ব্যথার সঠিক কারণ নির্ণয়পূর্বক সুনির্দিষ্ট ব্যায়াম করতে হয়। ধরুন, আপনার কোমর ব্যথার কারণ হলো স্পন্ডাইলোলিসথেসিস বা হাড় সরে যাওয়া, এ ক্ষেত্রে যদি আপনি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করেন তাহলে তা হিতে বিপরীত ফল আনবে। আবার অনেক দীর্ঘমেয়াদি কোমর ব্যথা হয় মানসিক কারণে, এ ক্ষেত্রে কোনো এক্সারসাইজই কাজ করবে না।

রোগীদের করণীয় কী?

ব্যথা সারানোর অনেক ব্যায়াম খুব জনপ্রিয়। ইউটিউব বা ফেসবুক খুললেই নানা ধরনের ব্যায়ামের কৌশল দেখতে পাওয়া যায়। কিন্তু এ ধরনের ব্যায়াম বেশির ভাগ সময়ই বিপদ ডেকে আনে। ইউটিউব ব্যায়াম করে কোমরে, ঘাড়ে বা হাঁটুর ইনজুরিতে পড়া রোগীর সংখ্যা নেহাত কম নয় এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। একটা ব্যায়াম কত ভিউ পেল সেটা দেখেই অনেক রোগী মনে করেন তার সমস্যা সমাধানেও এই ব্যায়াম কাজ করবে। আসলে এটি ভুল ধারণা, প্রত্যেক মানুষের শরীর বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন আচরণ করে এবং ভিন্ন ভিন্ন চিকিৎসার প্রতি সংবেদনশীল থাকে। সারা বিশ্বে তাই পারসোনালাইজড চিকিৎসার গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়লে। পারসোনালাইজ চিকিৎসার মূলমন্ত্র হলো রোগীর চিকিৎসা। এই চিকিৎসা রোগীর চাহিদা অনুযাই সুনির্দিষ্টভাবে কাজ করে এবং বলাই বাহুল্য এ ধরনের চিকিৎসার ফলাফল খুবই ভালো।

মনে রাখা ভালো, অসুখ হলে আপনি যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে কিনে ওষুধ সেবন করে বিপদ ডেকে আনবেন না ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া দেখানো নানা জনপ্রিয় অথচ ভুল ব্যায়াম করে ব্যথা বাড়িয়ে তুলবে না। সুনির্দিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ থাকুন।