গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মুসলিমদের পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশ ও নামাজের বিষয়ে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েল।
তবে আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।
যদিও এর আগে গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হলো।
ব্রিফিং এ ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, ‘যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসলিমদের পূন্যভূমিতে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি’।
তিনি আরও বলেন, ‘এটা শুধু মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
এদিকে পবিত্র রমজান মাস শুরুর আগেই গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিবদমান পক্ষগুলো। এর আওতায় রোজার মাস জুড়ে গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ রাখবে ইসরায়েল।