অন্যরকম মানবিক ও্ ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পবিত্র রমজান মাসে এই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে সহপাঠিরা। বিশেষ করে মুসলিম সহপাঠিরা যাতে সহজে ও নিবিঘ্নে নামাজ আদায় ও ইফতার করতে পারে সেজন্য মানববন্ধন গড়ে পাশে দাঁড়িয়েছেন হিন্দু শিক্ষার্থীরা। সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। এর আগে অভিযোগ ওঠে, রমজানে এখানকার একটি মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি হয়েছে। আর এতেই সরব হন শিক্ষার্থীরা।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ের। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসে একদিকে সালাত আদায় করছে মুসলিম ছাত্ররা। অন্যদিকে, তাদের নিরাপত্তা দিতে মানববন্ধন করে ঘিরে রাখে হিন্দু ছাত্ররা। বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স তালাবদ্ধ করে বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, মসজিদ ভবনটি বেশ বিপদজনক এবং যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থেই প্রবেশ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ভবনটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ বিষয়ে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও ছাত্রদের দাবি রমজানের মাসে মুসলিম ছাত্রদের বিরুদ্ধে কার্যত একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
