রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র সে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিজয়কে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার আব্দুল কাদেরের ছেলে বিজয়। তিন ভাইয়ের মধ্যে সে ছিল মেঝো। বর্তমানে পরিবারের সাথে শেরেবাংলা নগর পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় একটি বাসায় থাকত।
তার বড় ভাই মো. রাজা জানান, দুপুরে বাসায় তার রুমের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখ পান। তখন সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল নেওয়া হয়।
স্বজনরা জানান, এক কিশোরীর সাথে বিজয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে সে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া (পিপিএম) জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।