রাজধানীর মেরুল বাড্ডার এক বাসায় গলায় ফাঁস দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম আসাদুজ্জামান দুর্ব (২৫)। তিনি সিএসই বিভাগের ফাইনাল ইয়ারে শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৩০ জুন) রাতে বাড্ডা থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দুর্বর বাড়ি বরিশালের কাউনিয়া উপজেলায়। তার বাবার নাম শামসুজ্জামান বাবুল। মৃত দুর্বর চাচা সাদিকুর রহমান জানান, মেরুল বাড্ডা কাঁচাবাজার গলির একটি বাড়ির তৃতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন দুর্ব। সোমবার বিকালে তার পাশের রুমের ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখেন দুর্বর রুম ভিতর থেকে বন্ধ। তখন থানায় খবর দেন তিনি।
পরবর্তীতে পুলিশ ও বাড়িওয়ালার মাধ্যমে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে গামছা পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন দুর্ব। এরপর পুলিশ সেখান থেকে তার লাশ নিচে নামায়। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
