ইউক্রেনে পশ্চিমা সেনা এলে পারমাণবিক যুদ্ধ হবে : পুতিন

পশ্চিমা সেনারা ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুমকি দিয়েছেন ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার যেসব অস্ত্র রয়েছে তা পাশ্চাত্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে দেওয়া ভাষণে পুতিন এমন হুমকি দিয়েছেন।

জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ওই ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার অভ্যন্তরীণ সমস্যা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই যুদ্ধে হস্তক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ সেটা পশ্চিমা নেতারা উপলব্ধি করতে পারছেন না।

এর আগে গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনে ন্যাটো জোটের সেনা পাঠানোর প্রসঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেন, ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশের সেনাদের ইউক্রেনে পাঠানো যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেনসহ অন্যান্য ন্যাটো সদস্য দেশ সঙ্গে সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

পুতিন হুঁশিয়ার করে বলেন, আমাদেরও এমন অস্ত্র রয়েছে যেগুলো পশ্চিমা দেশগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।