মাথায় বলের আঘাত থেকে পাওযা চোট কাটিয়ে উঠেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস পেস আক্রমণের নেতা মোস্তাফিজুর রহমান। ফাইনালে তাকে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা। মোস্তাফিজ খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে কোচ সালাহউদ্দিন বলেছেন, 'হ্যাঁ, ইনশাআল্লাহ সে (মোস্তাফিজ) খেলবে।'
কুমিল্লার জন্য এবারের ফাইনাল শিরোপা ধরে রাখার লড়াই। সঙ্গে হাতছানি দিচ্ছে হ্যাটট্রিক শিরোপা। এমন গুরুত্বপূর্ণ সময়ে মোস্তাফিজকে খেলানোর ব্যাপারে দ্বিতীয়বার ভাবার কথা না কোনো কোচের।
সালাহউদ্দিন জানিয়েছেন, 'মোস্তাফিজকে আমি সারা জীবনই চাইবো আমার দলে। সে বাংলাদেশের জন্য বড় সম্পদ এবং কুমিল্লার জন্যও অনেক সার্ভিস দিয়েছে। যে কোন কোচই চাইবে সে যেন দলে থাকে। অবশ্যই তার অভিজ্ঞতা এবং এই ফরম্যাটে সে সবসময়ই ভালো সার্ভিস দিয়েছে। সে থাকলে আমার জন্য ও দলের জন্য অবশ্যই ভালো।'
গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মোস্তাফিজ। আঘাতের জায়গায় পাঁচটি সেলাই লেগেছিল। সেই থেকে মাঠের বাইরে আছেন তিনি। ঝুঁকি এড়াতে প্রথম কোয়ালিফায়ারেও তাকে ছাড়াই একাদশ সাজায় কুমিল্লা।