আফগানিস্তানকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড

টেস্ট ক্রিকেটে পথচলা শুরুর প্রায় ছয় বছর পর, অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। আজ আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড অবিস্মরণীয় জয় পেয়েছে ৬ উইকেটে।

আফগানিস্তান ৩ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। হাসমতউল্লাহ শাহিদি ব্যক্তিগত ৫৫ রানে ফেরার পর, রহমানউল্লাহ গুরবাজ (৪৬) ও নাভেদ জাদরান (২৫) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ২১৮ রানে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়।

তাতে ১১১ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড। তবে দলীয় ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আইরিশরা। চাপের মুখে দারুণ এক ফিফটি উপহার দিলেন অ্যান্ড্রু বালবার্নি। অধিনায়কের অপরাজিত ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসে ঐতিহাসিক জয়ের উৎসবে মাতল আইরিশরা। ২৭ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন লরকান টাকার।

আয়ারল্যান্ডের চেয়ে কম ম্যাচ খেলে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে কেবল পাঁচটি দল- ওয়েস্ট ইন্ডিজ (৬), আফগানিস্তান (২), পাকিস্তান (২), ইংল্যান্ড (২), অস্ট্রেলিয়া (১)।

দলের স্মরণীয় এই জয়ে বড় অবদান আছে আয়ারল্যান্ডের পেসারদের। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানের ২০ উইকেটের ১৯টিই পেসারা নেন। প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মার্ক অ্যাডায়ার।