বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় এখনো তিনটি মরদেহ হস্তান্তরের অপেক্ষায় আছে। এখন পর্যন্ত ৪৩টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার ( ২ মার্চ) এ তথ্য জানান ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল।
একেএম হেদায়েতুল ইসলাম জানান, এই আগুনের ঘটনায় নিহত হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী গৃহিণী মেহেরুন্নেছা জাহান হেলালী ও তাদের সাড়ে ৩ বছরের মেয়ে ফায়রুজ কাশেম জামিরার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এ নিয়ে ৪৩ টি মরদেহ হস্তান্তর করা হলো। বাকি ৩টি লাশ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিলিয়ে তাদের দাবিদারের কাছে হস্তান্তর করা হবে।
বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। গতকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ শিশু। তাদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ৪৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।