ভ্যাকুয়াম ক্লিনার ও ব্লেন্ডিং মেশিন থেকে আড়াই কেজি সোনা উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ টিম।

আজ শনিবার (২ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন দুই যাত্রী। তাদের সঙ্গে আনা গৃহস্থালি যন্ত্র ভ্যাকুয়াম ক্লিনার ও ব্লেন্ডিং মেশিনের ভেতর লুকানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ।

তিনি জানান,  শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে গৃহস্থালি মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১১৪ গ্রাম। আনুমানিক মূল্য এক কোটি টাকা।

একই ফ্লাইটে আসা হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিন ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, ব্যাগেজে থাকা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের ভেতর বিশেষভাবে লুকানো দণ্ডাকৃতির স্বর্ণ পিণ্ড পাওয়া যায়। যা বাংলাদেশ জুয়েলারি সমিতির সার্টিফাইড স্বর্ণকার দ্বারা পরীক্ষা করা হয়। এতে পাওয়া যায় ২৪ ক্যারেটের ১১০০ গ্রাম স্বর্ণ।  একই যাত্রীর দেহতল্লাশি করে ২২ ক্যারেটের দুটি স্বর্ণের চুড়ি, চারটি আংটি পাওয়া যায়। যার ওজন ১০০ গ্রাম।