চোটে বাদ আলিস, টি-টোয়েন্টি স্কোয়াডে জাকের আলি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস আল ইসলাম। তবে ভাগ্য সঙ্গ দিচ্ছে না রহস্যময় স্পিনার হিসেবে নাম কুড়ানো আলিসকে। দলে যোগ দেওয়ার আগেই চোটে পড়েছেন এই লেগ স্পিনার। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিককে তিন ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, 'আলিসকে ছাড়াও দলে তিন জন ফ্রন্টলাইন স্পিনার এরই মধ্যে আছে -রিশাদ হোসেন, তাইজুল ইসলাম আর শেখ মেহেদী। তাই আলিসের জায়গায় আরেকজন স্পিনার না নিয়ে জাকের আলিকে নিয়েছি যে কিনা মিডল-লোয়ার মির্ডল অর্ডারে ব্যাট করে ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখে।'

সদ্য সমাপ্ত বিপিএলে ১০ ম্যাচে ১৯৯ রান করেন জাকের আলি। ছবি: দেশ রূপান্তর

শুক্রবার শেষ হওয়া বিপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জাকের আলি। ১৪ ম্যাচের ১০টিতে ব্যাট করে ৯৯.৫ গড় ও ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন হার্ড হিটার এই ব্যাটার। এর ২০২৩-এর মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াডে ডাক পেয়েছিলেন জাকের।  

সোমবার থেকে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা-বাংলাদেশ। 

বাংলাদেশ টি-২০ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও জাকের আলি অনিক।