বাংলাদেশ-কাতারের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি

কাতার যাচ্ছেন এক ঝাঁক নৃত্যশিল্পী 

বাংলাদেশ-কাতারের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রখ্যাত নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরোর নেতৃত্বে ১২ জন নৃত্যশিল্পী এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

তারা হচ্ছেন সাবরিনা শফি নিসা, সানজিদা হোসেন কাজল, আবুল হাসান ভূঁইয়া, হৃদিকা সাবা, প্রান্তিক দেব, সুস্মিতা বসাক, নাফিসা ফারিহা প্রমি, সোহেল ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, ঈশান আমিন, ঐন্দ্রিলা বীথি, রুহুল আমিন বাবু প্রমুখ। অনুষ্ঠানে অংশ নিতে আজ সোমবার দুপুরের ফ্লাইটে পুরো টিম ঢাকা ত্যাগ করেন বলে জানালেন নৃত্যশিল্পী সাবরিনা শফি নিসা। 

সাবরিনা শফি নিসা বলেন, ‘প্রায় ১৩টির বেশি শো করেছি। অনেক দিন পর, অর্থাৎ পাঁচ বছর পর দেশের বাইরে শো করতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। প্রথম দিন আমাদের দেশের দেশাত্মবোধক গানের একটা মিডলেতে পারফর্ম করব। এরপর তাদের দেশের গানের একটা পারফরম্যান্স থাকবে, যার ব্যাপ্তি থাকবে ২০ মিনিট। পরদিন ১২টি গানে আমরা আলাদা পারফর্ম করব।’

জানা গেছে, ৫ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ৯ মার্চ পুরো টিম দেশে ফিরবে।