দেশের গাণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজের মেধাকে সুনামের সঙ্গে তুলে ধরার প্রয়াসে এগিয়ে চলছেন তরুণ নৃত্যশিল্পী রাফিয়াত নাসির কথা। যশোরের সাংস্কৃতিক অঙ্গন থেকে উঠে আসা এই শিল্পী নৃত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির নিরলস পরিশ্রম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শাস্ত্রীয় নৃত্যের চর্চা থেকে শুরু করে টেলিভিশন, জাতীয় সাংস্কৃতিক আয়োজন এবং দেশের বাইরের মঞ্চ— বিভিন্ন পরিসরে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এগিয়েছে তার শিল্পীজীবন।
নৃত্যের প্রতি আগ্রহ থেকেই ছোটবেলায় তার পথচলার শুরু। সময়ের সঙ্গে সেই আগ্রহ রূপ নেয় নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত চর্চায়। ভরতনাট্যমে গুরু সাইফুল ইসলাম সাকী এবং কথকে গুরু জন সঞ্জীব চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি মণিপুরী, ভরতনাট্যম ও কনটেম্পোরারি নৃত্যের বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে নৃত্যের বিভিন্ন ধারার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন।
রাফিয়াত বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত নৃত্যশিল্পী। বাংলাদেশ ড্যান্স আর্টিস্টস অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবেও কাজ করছেন তিনি। তার পরিবেশনার তালিকায় রয়েছে বিটিভির তরানা ও নৃত্যের তালে তালে, এটিএন বাংলার নূপুরের ছন্দে, জাতীয় নৃত্যনাট্য উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। ভারতের কলকাতায় অনুষ্ঠিত বনিপুর লোক উৎসবেও অংশ নিয়েছেন যশোরের এই নৃত্যশিল্পী।
দেশের বাইরেও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পেয়েছেন রাফিয়াত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত 'পহেলা বৈশাখ ১৪৩২ সেলিব্রেশন ও বৈশাখী ফেয়ার'-এ নৃত্য পরিবেশন করেন তিনি। ওই আয়োজনে তার পরিবেশনার জন্য 'বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২' স্বীকৃতি পাওয়ার কথাও জানিয়েছেন রাফিয়াত।তার অর্জনের তালিকায় রয়েছে ব্যাবিসাস আওয়ার্ড ২০২৪। এই সম্মাননা তার নৃত্যজীবনের উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি বলে মনে করেন তিনি। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জনপ্রিয় ব্যান্ডশিল্পী মোহাম্মদ সালমান এবং চ্যানেল আই সেরাকণ্ঠর বিভিন্ন শিল্পীদের সঙ্গেও মঞ্চে অংশ নিয়েছেন রাফিয়াত।
শিল্পী হিসেবে নিজের পথচলার পাশাপাশি নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার হিসেবেও কাজ করছেন তিনি। আনন্দলোক একাডেমি, লিটল আইনস্টাইন স্কুল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সফট স্কিল প্রকল্প, নৃত্য বিতান যশোর, ক্যান্টনমেন্ট কলেজ যশোর এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্য শেখানোর অভিজ্ঞতা রয়েছে তার। নৃত্যে উচ্চশিক্ষাও নিয়েছেন রাফিয়াত। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে নৃত্যে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি।নিজের অর্জনকে কেবল ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না রাফিয়াত নাসির কথা। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নৃত্যের মাধ্যমে আরও বড় আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই তার ভবিষ্যৎ লক্ষ্য।
কাতার যাচ্ছেন এক ঝাঁক নৃত্যশিল্পী
তিলোত্তমার একক কত্থক নৃত্য
হৃতিক রোশন আমার সর্বকালের প্রিয় নৃত্যশিল্পী: মাধুরী
গীতি, নৃত্য এবং ফ্যাশন শোতে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা