চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলমের চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে ওই চিনি কারখানায় আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, এস আলম সুগার মিলের আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। বিকেল সোয়া ৫টা পর্যন্ত আগুনে হতাহতের কোনো ঘটনা নেই বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে, বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।