রাজধানীর খিলগাঁও পশ্চিম নন্দিপাড়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মারিয়াম ইমতিয়াজ অধরা (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রেমঘটিত কোনো কারণে সে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ মরদেহটি ওই বাসা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মরদেহ উদ্ধার করা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে পশ্চিম নন্দিপাড়ার ওই বাড়ির ৩য় তলার বাসা থেকে উদ্ধার করা হয় অধরার মরদেহ। বিকেলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা এর কোনো কারণ জানেন না বলে দাবি করছেন। প্রেমঘটিত কোনো কারণে সে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মৃত অধরার চাচা আহসান হাবিব অপু জানান, বাবা মায়ের সাথে নন্দিপাড়ার ওই বাড়িতে নিজেদের ফ্ল্যাটে থাকতো অধরা। বনশ্রী মডেল হাই স্কুলের ৮ম শ্রেণিতে পড়ে সে। ৩ ভাইবোনের মধ্যে সবার বড় অধরা বিকেলে নিজের রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। টের পেয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে ফাঁস লাগানো অধরাকে নিচে নামানো হয়। ততক্ষণে সে আর নেই।