পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বাজার সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। গতকাল পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
গতকাল ডিবিএর একদল প্রতিনিধি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন। অর্থ প্রতিমন্ত্রী ডিবিএ প্রতিনিধিদের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ডিবিএর প্রতিনিধিদল এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডিবিএ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সেক্রেটারি মো. দিদারুল গনী, সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস) পংকজ চন্দ্র ভৌমিক।