ভুল প্রশ্ন সেটে পরীক্ষা দিল ৫৭০ শিক্ষার্থী

চলমান এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রসায়ণ প্রশ্নে ভুল সেটে ৫৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এ অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব মো. নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। তিনি বলেন, ভুল সেটে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) সারা দেশে বিজ্ঞান বিভাগের রসায়ন প্রশ্নের পরীক্ষা হয় ৩ নম্বর সেটে। কিন্তু সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় ১ নম্বর সেটে। আজ বুধবার বিষয়টি জানা গেছে। কেন্দ্রটিতে পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব মো. নুর ইসলাম বলেন, পরীক্ষা শেষে উত্তরপত্র বস্তাবন্দি করে নিয়ে যাওয়ার পর ভুল ধরা পড়ে। তখন বিষয় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামকে জানালে তিনি এসে কেন্দ্র পরিদর্শন করেন। আমরা বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রসায়নে যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে, সে উত্তরপত্র অনুযায়ী মূল্যায়ন হবে। তাদের কোনো সমস্যা হবে না। এ ধরণের ভুলের জন্য কেন্দ্র সচিবকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।