নারীদের নিজ নিজ যোগ্যতার পরিচয় দিয়ে সমাজের মূলধারায় প্রবেশ করার আহ্বান জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ক্যারিয়ার কোনো লিঙ্গ চিনে না। ক্যারিয়ার সঠিক সময়ে যোগ্য প্রার্থী খুঁজে নেয়। বুধবার (৬ মার্চ) ঢাকার আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি : নারীর সমৃদ্ধি’ বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হাইটেক এবং কম্পিউটারাইজড বিশ্বের এই যুগে আইসিটি এবং এসটিইএম ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের জন্য এসটিইএম ভিত্তিক শিক্ষা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী উদ্ভাবন ও অগ্রগতির ক্ষেত্রে এসটিইএমর ক্ষেত্রগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এই ক্ষেত্রগুলোতে নারীদের প্রতিনিধিত্ব অনেক কম। মাত্র ১৪% নারী বাংলাদেশ এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস) শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছে। কঠিন কঠিন বিষয়গুলো মেয়েদের দিলে তারা ভালো করবে না এ ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে। সন্তান লালন-পালন করা শুধু নারীদের দায়িত্ব সেই মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।