বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নিয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে বাপা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌস।
সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ৩ ডিসেম্বর যুগ্ম সচিব (এফটিএ) জান্নাতুল ফেরদৌসকে বাপার নির্বাচনকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে। পরে গত ৮ জানুয়ারি বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড নির্বাচনী তফসিল ঘোষণা করে। এতে ১১ এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ১৫ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সে অনুযায়ী গত ১৫ মার্চ নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট অর্থ) উজমা চৌধুরী, সহ-সভাপতি প্যারাগন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, সাধারণ সম্পাদক বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, কোষাধ্যক্ষ আহমেদ ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদসহ কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
রবিবার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম, সাধারণ সম্পাদক আহমেদ অ্যান্ড কোম্পানির প্রোপাইটর ইকতাদুল হকসহ সব সদস্য।
অনুষ্ঠানে সবাই বিদায়ী প্রশাসকের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং কার্য পরিচালনার জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে তারা আগামী দিনে বাপার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে বর্তমান কমিটির সাফল্য কামনা করেন।
