শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাশ্রয়ী পণ্য ও সেবা সহজলভ্য করতে বাংলাদেশি ই-কমার্স প্রতিষ্ঠান আপনবাজার ৫৫তম শপ চালু করেছে। প্রতিষ্ঠানের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) এই নতুন শপের উদ্বোধন করেন আদমজী এইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়া।
গণমাধ্যমে পাঠানো প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ দোকানটি আদমজী এইপিজেডের ৪৬ কারখানার শ্রমিকদের জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, আর্থিক সেবা ও স্বাস্থ্যসুবিধা নিতে পারবেন। এর আগে কর্ণফুলী এইপিজেডে প্রথম কমিউনিটি শপ চালু করেছে আপন। এর ধারাবাহিকতায় বেপজার সঙ্গে আপনের সহযোগিতায় আদমজী ইপিজেডে শ্রমিকদের জন্য নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনের সেবার অন্যতম দিক হলো বিনা সুদে নিত্যপণ্য কেনার সুযোগ, যা বেতন পাওয়ার পর পরিশোধ করা যায়। একই সঙ্গে নিয়মিত কেনাকাটার মাধ্যমে শ্রমিকরা বিনামূল্যে স্বাস্থ্যবীমার সুবিধাও পাচ্ছেন। এর ফলে নিম্নআয়ের শ্রমিকদের জন্য স্বাস্থ্য ব্যয়ের চাপ কিছুটা কমছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আপনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ৯ বছরে ৫৫তম দোকান উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা শুরু করেছিলাম শ্রমিকদের কিছুটা সাশ্রয়ের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে। এখন আমরা তাদের আর্থিক স্বাধীনতা, স্বাস্থ্য সুরক্ষা ও সম্মানজনক জীবনের জন্য কাজ করছি। বেপজার সঙ্গে এই অংশীদারিত্ব শ্রমিক কল্যাণে একটি টেকসই কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপন ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এইপিজেডভুক্ত বিভিন্ন কারখানার প্রতিনিধিরা।
২০১৭ সালে সাইফ রশীদ প্রতিষ্ঠিত আপন বর্তমানে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে দুই লাখের বেশি শ্রমিককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের খুচরা দোকান ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে, ফলে শ্রমিকরা মাসিক খরচে সাশ্রয় করতে পারছেন এবং উচ্চ সুদের অনানুষ্ঠানিক ঋণের ওপর তাদের নির্ভরতা কমছে।
