চট্টগ্রামে পুলিশের ভাই অপহরণে মামলা, তদন্তে সিআইডি

ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত এক পুলিশ সদস্যের ভাইকে অপহরণের অভিযোগে পাঁচ পুলিশ কনস্টেবলসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী আইমান রশিদের বাবা হুমায়ুন রশিদ।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী জুবাইর আলম জানান, বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্তরা হলেন- পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ, আবিদ আল মাহমুদ, আরিফ হোসেন, টিপু দাশ ও নুরনবী। এরমধ্যে নুরনবী নগর পুলিশে, অপর চারজন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত। অভিযুক্ত বাকি তিনজন হলেন, সাইফুল ইসলাম, মো. রুবেল ও অপু পাল।

আরআরএফ চট্টগ্রাম রেঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান খান জানান, 'পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগে বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর স্নাতকপড়ুয়া আইমান রশিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে হাঁটতে যান। এ সময় একটি মাইক্রোবাসে (চট্টমেট্রো-৫১-৩১০২) অভিযুক্তরা আইমানকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় আইমানের পরনে ছিল পুলিশের সোয়েটার। 

সেটার বিষয়ে  অপহরণকারীরা জানতে আইমান তাদের জানান, তার ভাই নোমান রশিদ শাহজালাল বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল পদে কর্মরত৷ চার ঘণ্টা পর খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হন অপহরণকারীরা।  এরপর আইমান রশিদকে নামিয়ে দেওয়া হয় নগরের সিআরবি এলাকায়। মাইক্রোবাস নম্বরপ্লেট দেখে পরে চালক ও অপহরণকারীদের চিহ্নিত করা হয়।