ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস।
স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) এই হামলা চালায় রাশিয়ান বাহিনী। ওই হামলার সময় জেলেনস্কি গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছিলেন। তাদের বৈঠকের স্থান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইউক্রেনের নৌবাহিনী বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে বৈঠকের কোন প্রতিনিধি দলের কেউ আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির জোরালো শব্দ তিনি শুনতে পেয়েছেন।
এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, "তারা কাকে টার্গেট করছে তারা নিজেওরাও জানে না।
তিনি আরও বলেন, ‘মস্কো হয়তো পাগল হয়ে গেছে অথবা তাদের সন্ত্রাসী বাহিনী কী করছে তা নিয়ন্ত্রণ করছে না’।
পরবর্তীতে এক যৌথ সংবাদ সম্মেলনের সময়, গ্রীক প্রধানমন্ত্রী বলেন, "আমরা আমাদের কাছাকাছি সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছি। আমাদের কাছে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময়ও ছিল না।"
তিনি আরও বলেন, "এটি একটি খুব তীব্র অভিজ্ঞতা। সংবাদপত্রে যুদ্ধ সম্পর্কে পড়া, এবং নিজের কানে শোনা সত্যিই আলাদা’।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা ইউক্রেনের নৌ ড্রোনের হ্যাঙ্গারে সফলভাবে হামলা চালিয়েছে। তবে দেশটি একই হামলার বিষয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।