বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো।
মার্চ মাসে ডেঙ্গুতে এটি প্রথম মৃত্যু। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাই ১৪ দিন পর ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া গেল।
বৃহস্পতিবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ছয়জন ঢাকা এবং ছয়জন ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত এক হাজার ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৫০৬ জন ও ঢাকার বাইরে ৯৪৯ জন।