সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২০২৫ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আজ বৃহস্পতিবার একই সময়ে দুই দিনের ভোটে ৭ হাজার ৮৮৩ আইনজীবী ভোটারের মধ্যে ৫ হাজার ৩১৯ জন আইনজীবী ভোট দেন। প্রথম দিনে ৩ হাজার ২৬১ জন ভোট দিয়েছিলেন। আজ আরও ২ হাজার ৫৮ জন আইনজীবী ভোট দেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাত থেকে ভোট গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা হতে পারে। নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩৩ জন।

এদিকে সুপ্রিম কোর্ট বারের ২০২১- ২০২২ ও ২০২৩- ২০২৪ মেয়াদের নির্বাচনে ভোট নিয়ে নানা বিশৃঙ্খলা, সংঘাতের ঘটনা ঘটলেও এবারের ভোটে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি। তবে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আজ সুপ্রিম কোর্ট বার ভবনের ভোট কেন্দ্র ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর, সম্পাদক পদে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই প্যানেলের বাইরে সভাপতি পদে জেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নির্বাচন করছেন। এ ছাড়া সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী ও অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরের নেতৃত্বে একটি নির্বাচন সাব-কমিটি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছে।