মুন্সীগঞ্জ পলিটেকনিকে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মুন্সীগঞ্জের মিরকাদিমে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত গোবিন্দ সরকার (২০), রেদোয়ান (১৯), মারুফ (১৯), মেরাজ (১৭), রাসেল (২২) ও জিহাদকে (১৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ও ইলেক্ট্রনিক বিভাগের শিক্ষার্থী তানজিম ও গোবিন্দের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন বিকেলের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্যাম্পাসে তানজিম ও গোবিন্দের সমর্থিত শিক্ষার্থীদের দু’গ্রুপে সংঘর্ষ বেঁধে যায়।

এদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা এ ঘটনায় মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী বলছেন, কথা কাটাকাটির জের ধরে বড় ভাইদের সাথে গ্যাঞ্জাম হয়েছে শুনে আমরা কয়েকজন সেখানে গিয়েছিলাম। এক পর্যায়ে আমাদের পশুর মত পেটানো হয়েছে। এখন কারও নাম বললে বড় ভাইরা ক্যাম্পাসে ঢুকতে দিবে না। আপনারা পারলে গিয়ে তদন্ত করেন। ক্যাম্পাসে আমাদের কোনো নিরাপত্তা নেই।

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর শুনেছি। দুই পক্ষই কলেজের শিক্ষার্থী। কি নিয়ে দ্বন্দ্ব তা এখনো জানতে পারিনি।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই মাস আগে কলেজে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের বিষয়টিও শুনেছি। তবে কলেজের অধ্যক্ষ এ বিষয়ে মুখ খুলছেন না। তার কাছ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।