চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্র ফাহাদ হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাহাদের বড় ভাইয়ের বন্ধু রাকিব হাসান অনিক।
ফাহাদ হোসেন (২১) চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
জানা গেছে, ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার পোশাক শ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজি অটোরিকশাচালক। তাদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ফাহাদ হোসেন গত বৃহস্পতিবার গিয়েছিলেন ডবলমুরিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে তিনিসহ চারজন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ, জহিরুল ইসলামের ৮০ শতাংশ, শ্রমিক নয়নের ৭০ শতাংশ এবং মাসুমের শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। তাদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে গত ৭ মার্চ বিকেলে বিস্ফোরণে আহত হওয়ার পর প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি ছিলেন ফাহাদ।