বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন প্রতিবেদনে ‘তেমন কিছু’ নেই

মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ সভায় বসেছিলেন বিসিবির পরিচালনা পর্ষদের সদস্যরা। আসন্ন বার্ষিক সাধারণ সভা আলোচ্যসূচীর প্রধান এজেন্ডা হলেও সভায় আলোচনা হয় অনেককিছু নিয়ে। অনুমিতভাবেই সেখানে উঠে আসে গত বিশ্বকাপ ব্যর্থতা প্রসঙ্গে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন। সভা শেষে সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, কোন পরিচালকদের নিয়ে এমন কিছুই বলা নেই। সেই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্য করে নিজের পকেট থেকে তিন পাতার রিপোর্ট বের করে পাপন জানান, এখানে তেমন কিছুই নেই।

পাপন বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

গত ১২ ফেব্রুয়ারি তিন সদস্যের কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেন। বিশ্বকাপ ব্যর্থতার পর ব্যক্তিগত পর্যায়ে উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন কমিটি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছে। ওদের সাথে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে।’

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ চলছে শ্রীলঙ্কার বিপক্ষে। সে বিষয়ে আলাপে উঠে আসে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ। তাকে ফাইটার হিসেবে আখ্যা দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর দলে থাকায় আমি কোনো সমস্যা দেখি না। এখন বিশ্বকাপের আগে আর কারা কারা দলে যোগ হচ্ছে, সেটা ঠিক হলে তারপর চূড়ান্তভাবে বলা যাবে। তবে তার আগ এখন পর্যন্ত মাহমুদউল্লাহ দলের গুরুত্বপূর্ণ সদস্য।’

তিনি যোগ করেন, ‘মাহমুদউল্লাহ বিরাট উদাহরণ। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে তার কাছে যে ধরনের প্রত্যাশা ছিল সে অনুযায়ী সে পারফর্ম করতে পারেনি। কিন্তু তারপর একক প্রচেষ্টায় সে যেভাবে ফিরে এসেছে, এটাকেই বলে ফাইটার। সেটা অসাধারণ।’

বিসিবি সভাপতি এদিন জাকের আলী অনিকের খেলার প্রশংসাও করেন।