অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস ও উদ্যোক্তা তৈরিতে নারীদের কারিগরি, প্রযুক্তিগত এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতে রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘সাপোর্টিভ ইকোসিস্টেম ফর উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড প্রফেশনালস’ শীর্ষক এক সেমিনারে ব্যবসায়ী নেতারা এই কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে এই সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেন, নারীদের পেছনে ফেলে একটি দেশে সমউন্নয়ন সম্ভব নয়। সরকারের নির্দেশনা অনুযায়ী নারীদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা উন্নয়নে জোর দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, একজন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পরিবারের উৎসাহ ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষদের অনুরোধ করি আপনার কন্যা, স্ত্রী কিংবা বোনকে উদ্যোক্তা হয়ে উঠতে সহযোগিতা করুন। কারণ নারীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন এখন আর শুধু স্বপ্ন না, এটি বাস্তবে রূপ নিয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, নারীদের প্রযুক্তি, কারিগরি এবং বিশেষায়িত দক্ষতা উন্নয়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তাদের প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়নে কাজ করছে।