সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতা

ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় গুলিতে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের উপনির্বাচনে ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হৃদয় (২৪) নামে একজন নিহত এবং ফারুক (২৩) নামে অন্য এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার কিছু আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা মোশারফ হোসেন, হৃদয় নামে একজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহত হৃদয় দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূঁইয়ার ছেলে এবং গুলিবিদ্ধ ফারুক একই এলাকার সরদার বাড়ির মৃত কামাল হোসেন ভূঁইয়ার ছেলে। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যালট বাক্স ওই এলাকার জাহাঙ্গীর দেওয়ানের বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বছরের জুনে পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. মজিবুর রহমান মারা যান। ওই শূন্য পদে গতকাল উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলে ফলাফলে মোরগ প্রতীকের আজিজুর রহমান ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

তালা প্রতীকের কায়সার ভূঁইয়া রাজু পুনরায় ভোট গণনার আবেদন করলে কর্তৃপক্ষ পুনরায় ভোট গণনা করে একই ফলাফল পায়।

ফলাফল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে ব্যাল্ট বাক্স নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসের দিকে রওনা দিতে উদ্যত হলে তালা প্রতীকের প্রার্থীর সমর্থক হৃদয় ও ফারুক হঠাৎ দুটি ব্যাল্ট বাক্স নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনসার বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হয়। গুলিতে হৃদয় নিহত হয় এবং ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফারুকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোনারগাঁ থানা-পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজু অভিযোগ করেন ভোট গণনা শুরু হওয়ার আগে প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান আমার এজেন্টের কাছ থেকে ফলাফল সিটে স্বাক্ষর নিয়েছেন। পরে এক তরফা ফলাফল ঘোষণা করেছেন সেজন্য আমার সমর্থকরা তার ঘোষণাকৃত ফলাফল প্রত্যাখান করে বিক্ষোভ করলে প্রিসাইডিং অফিসারের নির্দেশে আমার সমর্থকদের ওপর আনসার সদস্য গুলিবর্ষণ করে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার এস আই পঙ্কজ কান্তি জানান, ব্যাল্ট বাক্স ছিনতাইয়ের সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্ঠা করে। যিনি নিহত হয়েছেন তিনি প্রতিপক্ষের গুলিতে নিহত হতে পারেন।