মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালা মিয়াকে গ্রেপ্তারের দাবিতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অবিলম্বে ধর্ষণ মামলার আসামি কালাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন কালা, ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন, শামীম আহমেদ, মক্তদির বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিত প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হলেও ধর্ষক এখনও গ্রেপ্তার হয়নি। বক্তারা দ্রুত ধর্ষকের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ধর্ষক কালাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু শিক্ষার্থী স্কুল থেকে একা বাড়িতে ফিরছিলো। তখন তার বাড়ির পাশে আগ থেকে ওত পেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের ছেলে জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে একটি খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে ৭ মার্চ থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে।