ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদন্ড প্রদানের ঘটনা সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাশাপাশি তিনি বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।
এদিকে রানাকে মিথ্যা অভিযোগে ছয় মাসের কারাদন্ডের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সাংবাদিকের কারাদন্ডের সুষ্ঠু তদন্তের ওপর জোর তথ্য প্রতিমন্ত্রীর : ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদন্ড প্রদানের ঘটনা সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাশাপাশি তিনি বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সঙ্গে কথা বলেন এবং বিষয়টির খোঁজখবর নেন। এ সময় ঘটনাটির সুষ্ঠু তদন্তের ওপর জোর দেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঘটনাটির খোঁজ নিলে প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রীকে জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ওই বিষয়ে তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ১০ মার্চ শেরপুর জেলার নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় যাবেন। আজ সোমবার তথ্য কমিশনে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেন প্রধান তথ্য কমিশনার।
এর আগে গত ৭ মার্চ দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫(৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে দায়িত্ব দেওয়া হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়, শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানা একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সারা দেশের প্রতিবাদ ও মানববন্ধনের খবর :
জামালপুর : দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে মিথ্যা অভিযোগে ছয় মাসের কারাদন্ডের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সভা করেছে প্রেস ক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক। গতকাল সকালে শহরের শহীদ হারুন সড়কে প্রেস ক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে প্রেস ক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক। প্রেস ক্লাব জামালপুরের সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, সুলতান আলম, সাইদ পারভেজ তুহিন, রাজন্য রুহানী, সাইমুম সাব্বির শোভন ও সাগর ফারাজী প্রমুখ। এ সময় প্রেস ক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের অবাধ তথ্য প্রবাহের সময় একজন সাংবাদিক তথ্য চাওয়ার কারণে কারাগারে রয়েছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। একজন ইউএনও দুর্নীতি ধামাচাপা দিতে ও ব্যক্তিগত আক্রোশ থেকে এমন কর্মকান্ডে জড়িয়ে গেছেন। এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক শফিউজ্জামান রানার মুক্তি ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিমের বিভাগীয় শাস্তির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
ফেনী : ফেনীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী শাখা। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। বিএমএসএফ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময় সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা-মামলা করে কণ্ঠরোধ করা যাবে না, এ ধরনের নিপীড়ন শুধু সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়, এটি মুক্ত সাংবাদিকতায় অন্তরায়। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিক হত্যা-নির্যাতন, হামলা-মামলা, গ্রেপ্তার অব্যাহত থাকলে গণমাধ্যম অস্তিত্ব হারাতে বসবে। তারা দোষীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
পার্বতীপুর (দিনাজপুর) : রানার নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। গতকাল বিকেল ৩টায় পার্বতীপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়মের তথ্য চাইতে গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ নানা ধরনের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক রানার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
আদমদীঘি (বগুড়া) : রানার মুক্তি দাবি জানিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সাংবাদিকরা। সাংবাদিক রানাকে কারাদন্ড দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রানাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে সান্তাহার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও আজকের পত্রিকার সাংবাদিক সাগর খান বলেন, এভাবে সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলহাজতে পাঠানো স্বাধীন দেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।
আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি মিহির কুমার সরকার বলেন, ইউএনওর দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সাংবাদিক শফিউজ্জামান রানার দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি জানাই।
মুন্সীগঞ্জ : তীব্র নিন্দা জানিয়েছেন টিআইবির অনুপ্রেরণায় গঠিত মুন্সীগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটি তথা সনাক, মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। জেলা সনাকের সহসভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন বলেন, তথ্য চাওয়ায় একজন সংবাদকর্মীকে জবাবদিহিতার আওতায় না এনে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামলা করে জেলে প্রেরণ করা অত্যন্ত দুঃখজনক।
গাজীপুর : গতকাল বিকেলে গাজীপুর জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজ। দেশ রূপান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ৭১ টিভির স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খবরের জেলা প্রতিনিধি রুহুল আমিন সজিব, সাবেক সাধারণ সম্পাদক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক কামাল হোসেন বাবুল, বায়েজিদ হোসেন, আবদুল মালেক, আবদুল মান্নান, সফিকুল ইসলাম জিতু, রেজাউল করিম মোল্লা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গেলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ নানা ধরনের হয়রানি করা হচ্ছে।
নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়। মানববন্ধনে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন, ইত্তেফাক প্রতিনিধি ধ্রুব সরকার, দেশের খবর প্রতিনিধি সুমন রায়, কালের কণ্ঠ প্রতিনিধি আল নোমান শান্ত, আমাদের সময় সংবাদদাতা আবিদ হাসান বাপ্পি, দেশ বুলেটিন প্রতিনিধি আনিসুল হক সুমন, মাসুদুর রহমান প্রমুখ।