রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় ট্রাক ধাক্কায় প্রাণ আরএফএল গ্রুপের জিএম (অপারেশন) কফিল উদ্দিন (৪৭) নিহত হয়েছেন।
আজ সোমবার (১১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত কফিল উদ্দিন মোল্লা গাজীপুরের কালিগঞ্জ থানার কলাপাড়া গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।
হাসপাতালে সহকর্মী মেহেদী রিপন জানান, কফিল উদ্দিন প্রাণ আরএফএল গ্রুপের জিএম (অপারেশন) হিসেবে দায়িত্বরত ছিলেন। সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মধ্য বাড্ডার অফিসে যাওয়ার সময় ৩০০ফিট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানায় জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।