রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক বেলা ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজুল ইসলামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। বর্তমানে পরিবারের সাথে মগবাজারের নয়াটোলা এলাকার থাকতেন।
নিহতের ছেলে মো. স্বপন জানান, সিরাজুল ইসলামের কিছুটা মানসিক সমস্যা ছিল। শনিবার রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। রবিবার সকালে পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাকরাইল প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন রাস্তায় একটি কাভার্ড ভ্যান সিরাজুল ইসলামকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।