১৫ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ১১ জন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
সোমবার (১১ মার্চ) দুপুরে দেওয়া রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হাসেম (১৯), মো. ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), মো. জাফর (৩০), মো. খোকন (২৫), মো. ইসমাইল (২০), আনিসুর রহমান (১৮), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) ও মো. সেলিম ওরফে মলয় (২০)।
জানা গেছে, ২০১৭ সালে ২৩ জুন পতেঙ্গা সমুদ্র সৈকতে মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ইয়াবাসহ ১২জনকে আটক করে র্যাব-৭। এ ঘটনায় সংস্থাটির তৎকালীন ডিএডি মো. ময়নাল হক বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন।
একই বছর ৩১ অক্টোবর ১২জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এ সময় নিহত হওয়ায় ফারুক নামের এক আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। মামলার বিচার চলাকালে নজির আহমদ নামে আরেক আসামি মারা যান।