আল জাজিরার অভিনব প্রতিবাদ, স্টুডিওর দেওয়ালে নিহত ফিলিস্তিনিদের নাম

পাঁচ মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত হত্যা করছে শত শত মানুষকে। এতে গাজায় নিহত হয়েছে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি। এমনকি পবিত্র রমজানেও থেমে নেই ইসরায়েলের হত্যাযজ্ঞ।

ইসরায়েলের এই বর্বর ও অমানবিক হামলার অভিনব প্রতিবাদ জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রমজানের প্রথম দিন গত রোববার রাতে আল জাজিরার নতুন একটি স্টুডিওর দেয়ালে লেখা হয়েছিল নিহত ফিলিস্তিনিদের নাম। সেখানে নিরপরাধ শিশু ও নারীদের নামও ছিল। খবর আল জাজিরা।

আল–জাজিরার সাংবাদিক ইমান আয়াদ বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে। আমাদের এই স্টুডিওতে এলে আপনি এদের সবার নাম দেখতে পাবেন। আমরা এদের সংখ্যা হিসেবে রাখিনি। গাজায় এমন কোনো পরিবার নেই, যারা ক্ষতিগ্রস্ত হয়নি।’

গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি এই হামলার এখন পর্যন্ত গাজাতে নিহত হয়েছেন ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৭২ হাজারেরও বেশি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন হাজারও ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলি হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ হাজার নারী নিহত হয়েছেন গাজা উপত্যকায়। এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের নারীবিষয়ক মন্ত্রী আমাল হামাদ।

নিউইয়র্কে অনুষ্ঠিত কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনে অংশ নেওয়া সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় আমাল হামাদ বিশ্বের সকল নারীকে ফিলিস্তিতি নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

যুদ্ধবিরতির প্রয়োজনীতা উল্লেখ করে তিনি আরও বলেন, গাজায় জরুরি যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা উচিত, যাতে গাজার সাধারণ মানুষ রমজান মাসে ‘জরুরি ত্রাণ’ পেতে পারে।