ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল। ২৫ বছরের সেই তরুণের নামে এবার ফিলিস্তিনের একটি সড়কের নামকরণ করা হয়েছে।
গত মাসের ২৫ তারিখে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজ শরীরে আগুন লাগান তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে ছিলেন তিনি। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি বুশনেলকে।
বুশনেলের আত্মহুতির প্রতি সম্মান জানিয়ে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে এক সড়কের নামকরণ তার নামে করা হয়েছে। খবর দ্যা গার্ডিয়ান।
গত রোববার সড়কের নতুন নামফলক উন্মোচন করেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর। এ সময় সেখানে উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা তাঁকে চিনতাম না। তিনিও আমাদের চিনতেন না। আমাদের মধ্যে কোনো সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বন্ধন ছিল না। তাঁর সঙ্গে আমাদের যে বিষয়টি মিলে যায়, তা হলো—স্বাধীনতার প্রতি ভালোবাসা, আর (গাজায়) ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আকাঙ্ক্ষা।’
ফিলিস্তিনিদের সমর্থনে এবং হত্যাযজ্ঞ বন্ধে বুশনেলের আত্মত্যাগকে সবচেয়ে শক্তিশালী প্রকাশ হিসেবে দেখছেন জেরিকোর বাসিন্দারা। শহরটির কাউন্সিল সদস্য আমানি রায়ান বলেন, ‘তিনি (বুশনেল) নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটিই উৎসর্গ করে দিয়েছেন। গাজার শিশুদের জন্য এই মানুষটি নিজের সব সুযোগ–সুবিধা ত্যাগ করেছেন।’
জেরিকো ফিলিস্তিনের ঐতিহাসিক একটি শহর। এই শহরের দক্ষিণেই অ্যারন বুশনেল সড়কটি অবস্থিত।
গত ৭ অক্টোবর থেকে শুরু করে পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত সেখানে ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৭২ হাজারেরও বেশি মানুষ।
রাশিয়াতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দ. কোরিয়ার নাগরিক আটক
বিশ্বজুড়ে হুমকিতে কলা উৎপাদন